ব্যবসা গোটাচ্ছে ফিটবিট!

১৩ নভেম্বর, ২০২৩ ২২:৪০  

গুগলের মালিকানাধীন কোম্পানি ফিটবিট বিশ্বের ৩০টিরও বেশি দেশে আনুষ্ঠানিক পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে একথা জানিয়েছে ভোক্তা ইলেকট্রনিকস ও ফিটনেস কোম্পানিটি। খবর টেকটাইমস।

নতুন এ সিদ্ধান্তের কারণে এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। ইউরোপের দেশগুলোর মধ্যে ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া ও স্লোভাকিয়ার গ্রাহক ফিটবিটের পণ্য কিনতে পারবেন না। এছাড়া মেক্সিকো ও লাতিন আমেরিকায়ও বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।

দেশগুলোয় এরই মধ্যে ফিটবিট প্রিমিয়াম পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। তবে নাইনটুফাইভগুগলের তথ্যানুযায়ী, পর্তুগালে গুগল স্টোর ব্যবহার করে এখনো ফিটবিট চার্জ ৬ কেনা যাচ্ছে।

কবে থেকে পণ্য বিক্রি বন্ধ করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। আগস্টের শুরুতে ফিটবিট প্রিমিয়াম মেম্বারশিপের নবায়নও বন্ধ করে দিয়েছে গুগল। হংকং, কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনসহ এশিয়ার বিভিন্ন দেশেও পণ্য বিক্রি বন্ধ করা হয়েছে।

ডিবিটেক/বিএমটি